ডিজিটাল বাংলাদেশে ঘরে বসেই উদ্যোক্তা হওয়ার সুযোগ
ডিজিটাল বাংলাদেশে ঘরে বসেই উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে চাকরির পেছনে না ছুটে অন্যকে চাকরির সুযোগ করে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি কারিগরি, ভোকেশনাল ও কম্পিউটিং প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করেছেন তিনি।
রোববার (৫ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
‘ডিজিটাল’ বাংলাদেশে যোগাযোগ এখন ‘খুব সহজ হয়ে গেছে’ মন্তব্য করে সরকার প্রধান বলেন, “ক্রয় বিক্রয়, পণ্যমান সবকিছু জানার একটা সুযোগ হচ্ছে। বাজার সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। বাজারের চাহিদা ও পণ্যের মূল্য সম্পর্কে জানার সুযোগ হচ্ছে।
“যার ফলে আমি মনে করি, আমাদের মানুষের আর কষ্ট করার কোনো অর্থ হয় না। একটু স্ব-উদ্যোগে কাজ করলেই কিন্তু নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা কাজ করতে পারেন।”
শেখ হাসিনা বলেন, “আমাদের তরুণ সমাজ…, তাদেরকে যেমন আমরা শিক্ষার সুযোগ করে দিয়েছি, কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেইনিংয়েরও আমরা সুযোগ করে দিয়েছি। পাশপাশি ডিজিটাল, অর্থাৎ কম্পিউটার ট্রেইনিং, অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে, সেই ব্যবস্থা, সব ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি।”
তরুণ উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে বাজেটে আলাদা বরাদ্দ রাখার বিষয়টি তুলে ধরে সরকারপ্রধান বলেন, উদ্যোক্তা হতে চাইলে এখন ‘যে কেউ’ হতে পারে। কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী ব্যাংকসহ বহু প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে। আপনারা উদ্যোগ নিন। নিজেরা উদ্যোক্তা হোন। অন্যকে কর্মসংস্থান করে দিন।
“শুধুমাত্র একটা পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া… আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন, যে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।”
এসএমই ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি উদ্যোক্তা হয় তবে সে কোথায় কারখানা করবে সেটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নিন। নিজস্ব জায়গায় করলে, সেখানে কীভাবে বর্জ্যব্যবস্থাপনা করবে সেটা ভালোভাবে দেখতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) চেয়ারপার্সন মো. মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে যেসব পণ্য থাকবে তার মধ্যে রয়েছে পাট, পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, বেতের পণ্য, মৃৎশিল্প, সিরামিক, কৃত্রিম ফুল, গয়না, বুটিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, জামদানি, কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি। লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল, এগ্রো মেশিনারি এবং আইটি ও কুরিয়ার সেক্টরের পণ্যও থাকবে মেলায়।
এ ছাড়াও ৮ দিনব্যাপী মেলায় অর্থায়ন প্রক্রিয়া, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন এবং ৪র্থ শিল্প বিপ্লব এবং ক্লাস্টার উন্নয়নের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাতীয় এসএমই পুরস্কার ২০২১ বিজয়ী চার উদ্যোক্তার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন।